প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা বন্ধ করে মেধাকে সম্মান দিন: জামায়াত আমির ড. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রমে সংকীর্ণ ও পক্ষপাতদুষ্ট রাজনীতির খেলা অবিলম্বে বন্ধ করে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সরকারি চাকরিতে প্রবেশাধিকার কোনো রাজনৈতিক দলের আনুগত্যের বিষয় হতে পারে না। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর মেধা, দক্ষতা ও যোগ্যতাই হওয়া উচিত চাকরিতে প্রবেশের একমাত্র বিবেচ্য বিষয়। মেধার বাইরে দলীয় দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়ার যে কোনো অপচেষ্টা জাতির মেধা ধ্বংসের শামিল।
চাকরিপ্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ভেরিফিকেশনের নামে বিগত ফ্যাসিবাদী আমলের এই চরম অপকর্ম অবিলম্বে পরিত্যাগ করতে হবে। বিগত ফ্যাসিবাদ আমলের অনুরূপ যে কোনো প্রকার কূটতৎপরতা দেশের সচেতন জনগণ আর কোনোভাবেই সহ্য করবে না।”
মেধার মর্যাদা প্রতিষ্ঠা ও নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রতিবাদ ও জোরালো প্রতিরোধ অব্যাহত থাকবে। দেশের মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের সাংবিধানিক অধিকার আদায়ে আবারও দৃঢ়ভাবে সোচ্চার হতে হবে। এ বিষয়ে সামান্যতম ছাড় দিলে বাংলাদেশ আবারও মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। মেধার অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তাই ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।”
এস এম সোহাগ ফরাজী