রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে সাংবাদিক আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক আটক
স্টাফ রিপোর্টার, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড় সংলগ্ন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় থেকে সাংবাদিক আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে একটি প্রিজন ভ্যানে তুলে পল্টন মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর থেকেই গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হয়ে একটি প্রতিনিধি সভায় অংশ নিচ্ছিলেন। খবর পেয়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা গিয়ে কার্যালয়টি চারপাশ থেকে ঘিরে ফেলেন।
ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ সদস্যরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে বিকেল ৪টার দিকে একে একে উপস্থিত ব্যক্তিদের হাতে হাতকড়া পরিয়ে কার্যালয় থেকে বের করে আনা হয় এবং পুলিশ ভ্যানে তোলা হয়।
ঘটনাস্থলে উপস্থিত আভিযানিক দলের সদস্যরা জানান, কার্যালয়ের ভেতর থেকে আটক সকল ব্যক্তিকে পল্টন মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের পরিচয় যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে পল্টন মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, “জাসদ কার্যালয়ে একটি জমায়েতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে অনেককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের থানায় এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে সবার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ ও রেকর্ড যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে আটকের পর সাংবাদিক আবু জাফর সূর্যের নিজস্ব ফেসবুক আইডি থেকে হাতকড়া পরিহিত একটি ছবি পোস্ট করা হয়। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, “আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।” এ ঘটনাকে কেন্দ্র করে জাসদ কার্যালয় ও পল্টন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এস এম সোহাগ ফরাজী