সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছুরিকাঘাতে সিলেটের যুবক মতিউর খুন: ৩ মাসের সন্তান রেখে গেলেন
প্রবাসী ও ক্রাইম ডেস্ক / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটদের সঙ্গে রান্না ও ঘুমানোর তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে নির্মম ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক বাংলাদেশি তরুণ। নিহত মতিউর মাত্র তিন মাস বয়সী এক ফুটফুটে পুত্রসন্তানের জনক ছিলেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় সময় রাত আনুমানিক ১১টার দিকে রিয়াদের বাঙালি অধ্যুষিত ‘হারা’ এলাকার একটি আবাসিক বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার প্রেক্ষাপট ও নির্মম হত্যাকাণ্ড
পারিবারিক সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে মতিউর রহমান জীবিকার তাগিদে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে পাড়ি জমান। রিয়াদের হারা এলাকার একটি বাসায় তিনি অন্য তিন বাংলাদেশির সঙ্গে রুম ভাগাভাগি করে বসবাস করছিলেন।
নিহতের পরিবার জানায়, বিগত দুই-তিন দিন ধরে রাতে ঘুমানোর জায়গা ও পালা করে রান্না করা নিয়ে রুমমেটদের সাথে মতিউরের কথা-কাটাকাটি ও তীব্র মানসিক দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন সোমবার রাতে কর্মস্থল থেকে রুমে ফেরার পর একই বিষয় নিয়ে পুনরায় তাদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা বাধে।
ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে এক রুমমেট তরকারি কাটার ধারালো ছুরি দিয়ে মতিউর রহমানের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মতিউর। হত্যাকাণ্ডের পরপরই বিষয়টি ধামাচাপা দিতে রুমে থাকা বাকি তিনজনই পালিয়ে আত্মগোপনে চলে যায়।
স্বজনদের কান্না ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, রুমমেটদের সাথে ঝামেলা ও উত্তেজনার বিষয়টি দুই-তিন দিন আগেই বাড়িতে ফোন করে জানিয়েছিলেন মতিউর। সোমবার রাত থেকে তাঁর মোবাইল নম্বর বন্ধ থাকায় পরিবার উৎকণ্ঠায় ছিল। পরবর্তীতে একই এলাকায় থাকা গ্রামের এক প্রবাসীর মাধ্যমে তাঁরা মতিউরের মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত হন।
তিনি ক্ষোভ ও আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “তিন মাস আগে মতিউরের কোলজুড়ে ছেলেসন্তান এসেছে। সন্তানের মুখটাও সে সামনাসামনি দেখে যেতে পারল না। আমরা বাংলাদেশ সরকার ও সৌদি দূতাবাসের মাধ্যমে অবিলম্বে ঘাতকদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এদিকে মাত্র আট মাস আগে প্রবাসে পাড়ি জমানো তরুণের এমন আকস্মিক মৃত্যুর খবরে কোম্পানীগঞ্জের বাঘারপাড় গ্রামে শোকের মাতম চলছে। কান্নায় ভেঙে পড়েছেন নিহতের বাবা-মা ও নবজাতক সন্তানের জননী।
এস এম সোহাগ ফরাজী