• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ওমান থেকে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে জগন্নাথপুরের যুবক সুজন নিখোঁজ: ৫ দিনেও মেলেনি সন্ধান, মোবাইল: ০১৭৩৪৭৯৬২৩০ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা বন্ধ করে মেধাকে সম্মান দিন: জামায়াত আমির ড. শফিকুর রহমান সিলেটে স্থাপিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র: খন্দকার মুক্তাদিরের ঘোষণা জাসদ কার্যালয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: অর্ধশতাধিক আটক, অনুমতি নেওয়ার দাবি জাসদের সিলেট ওসমানী বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গু-লি-তে পরিচ্ছন্নতাকর্মী আহত: রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে সাংবাদিক আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক আটক ট্রলারডুবি: দুদিন পর ৩ ভাই-বোনের ম-র-দে-হ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ বিদেশি পিস্তল, এলজি ও গু-লি-স-হ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে: অপরাধে জড়ালে ফৌজদারি ব্যবস্থা হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর মিরপুরে ৫০ বছরের পুরোনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে তাণ্ডব: নিরাপত্তাকর্মীদের বেঁধে লুটপাট

মিরপুরে ৫০ বছরের পুরোনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে তাণ্ডব: নিরাপত্তাকর্মীদের বেঁধে লুটপাট

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে ৫০ বছরের পুরোনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে তাণ্ডব: নিরাপত্তাকর্মীদের বেঁধে লুটপাট ও ভবন গুঁড়িয়ে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে অবস্থিত দীর্ঘ ৫০ বছরের ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ মধ্যরাতে বর্বরোচিত হামলা, লুটপাট ও ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। দুই শতাধিক সশস্ত্র মুখোশধারী ব্যক্তি নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে জিম্মি করে এ তাণ্ডব চালায়। লুট করে নিয়ে যাওয়া হয় আলট্রাসনোগ্রাম মেশিন, সরকারি ভ্যাকসিন, মূল্যবান ওষুধপত্র ও নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত ১২টার দিকে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠনের ব্যানারে মিরপুর ১ নম্বর মুক্তিযোদ্ধা মার্কেট ও ফেয়ার প্লাজা মার্কেট সংলগ্ন ১০ কাঠা জায়গার ওপর অবস্থিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে দখল ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। এতে প্রায় ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ২০০ থেকে ২৫০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র, শাবল, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে সীমানাপ্রাচীর টপকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা সেখানে দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মী আন্দ্রিয় সরকার ও আবদুল হাইকে বেদম মারধর করে ভবনের পিলারের সঙ্গে বেঁধে ফেলে। এরপর তারা চিকিৎসাকেন্দ্রটির মূল ফটক ভেঙে ভেতরে থাকা আলট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, সরকারি ইপিআই টিকাদান কর্মসূচির ভ্যাকসিন, ফ্রিজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল গাড়িতে তুলে নিয়ে যায়।

লুটপাট শেষে ভারী ড্রিল ও ভাঙার যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রের একটি পাকা ও তিনটি আধা পাকা ভবন সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। এমনকি প্রাঙ্গণে থাকা বড় আমগাছের ডালপালা পর্যন্ত কেটে ফেলা হয়। ধ্বংসযজ্ঞ শেষে দখলদাররা প্রাচীরে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে মালিকানা দাবির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে এলাকা ছাড়ে। ঘটনার সময় পুলিশে খবর দেওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি বলে অভিযোগ করেন স্বাস্থ্যকেন্দ্রটির সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, সুবিধাবঞ্চিত ও বস্তিবাসী মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় নিবেদিত এ কেন্দ্রটির ১০ কাঠা জমি দখলে নিতে স্থানীয় বিএনপির দুটি পক্ষ দীর্ঘদিন ধরে তৎপর ছিল। সর্বশেষ বৃহস্পতিবার রাতের এ দখল মিশনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সঙ্গে যুক্ত অংশের বিরুদ্ধে, যার নেতৃত্বে রয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি। মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হানিফ মিয়াসহ অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে।

তবে দখল বা ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ। তিনি জানান, ঘটনার বিষয়ে তিনি শুনেছেন, তবে সমমনা সমিতির সাথে নাম থাকলেও তিনি কোনোভাবেই ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার ক্ষোভ প্রকাশ করে বলেন, “১৯৭৪ সালে সুইডিশ সেভ দ্য চিলড্রেনের সহায়তায় প্রতিষ্ঠিত এ কেন্দ্রটি প্রায় ৫০ বছর ধরে সরকারের সাথে অংশীদারত্বের ভিত্তিতে মিরপুরের দরিদ্র, ছিন্নমূল নারী ও শিশুদের বিনা মূল্যে গর্ভকালীন সেবা, প্রসূতি সেবা ও হাম-রুবেলাসহ যাবতীয় সরকারি টিকাদান কর্মসূচি দিয়ে আসছিল। শনিবার থেকেই দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। জমি দখলের অন্ধ লোভে সেই সরকারি টিকাকেন্দ্রটিকেই রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত করা হলো।”

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাড্ডা এমসিএইচ সেন্টারে মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd