ধানমন্ডিতে আটতলা থেকে গৃহকর্মীকে ফেলে হত্যার অভিযোগ, গৃহকর্তা-গৃহকর্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের আটতলা থেকে রিক্তা মণি (১২) নামে এক গৃহকর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৯ জুন) ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জে। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিক্তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আজ শনিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর ওই বাসার গৃহকর্তা প্রকৌশলী সবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, “নিহত রিক্তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ।