হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, এলজি ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান (এলজি), ম্যাগাজিন ও ১১ রাউন্ড তাজা গুলি-কার্তুজসহ মোঃ নাছির উদ্দীন (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত নাছির উদ্দীন স্থানীয় ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত গভীর রাতে উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে হাটহাজারী মডেল থানার পুলিশের একটি দল ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় টহলে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কদল মোহল চৌধুরী বাড়ির নাছির উদ্দীনের বসতঘরে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে। খবর পাওয়ার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়।
রাত ৩টা ১০ মিনিটে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে নাছির উদ্দীনকে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে নাছির উদ্দীনের দেখানো ও শনাক্তমতে তাঁর শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি সচল বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড ৭.৬৫ মিমি তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি) এবং ভারত সরকারের তৈরি ‘SHAKTIMAN EXPRESS’ লেখা খোদাই করা সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীন জানান, চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা তাঁর ঘনিষ্ঠ বন্ধু মোঃ তৈয়ব (৪৫) প্রায় তিন-চার মাস আগে বিদেশ যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তাঁর হেফাজতে রেখে যান। পরবর্তীতে তৈয়ব দেশে ফিরে সেগুলো ফেরত নেওয়ার কথা ছিল।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে যুক্ত পলাতক আসামি মোঃ তৈয়বকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোঃ নাছির উদ্দীন ও পলাতক মোঃ তৈয়বের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯এ ও ১৯(এফ) ধারায় হাটহাজারী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এস এম সোহাগ ফরাজী