সাভারে কথিত পীর জাবেরের ‘কুরআন-সুন্নাহ বিরোধী’ অপতৎপরতা ও ওরস বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি
স্টাফ রিপোর্ট:
সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের কথিত পীর জাবের আল-জাহাঙ্গীরের বিরুদ্ধে কুরআন-সুন্নাহ বিরোধী বক্তব্য প্রচার ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে তার অপতৎপরতা এবং আসন্ন ওরস মাহফিল বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় তৌহিদি জনতা।
রবিবার (২৩ আগস্ট ২০২৬) সাভার উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন ইসলামি দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ লিখিত অভিযোগপত্র জমা দেন।
অভিযোগের মূল বিবরণ
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মৃত সেন্টু মিয়ার ছেলে জাবের আল-জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে কুরআন ও সহিহ হাদিসের মনগড়া ও বিতর্কিত ব্যাখ্যা দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করে আসছে।
স্মারকলিপিতে তার একাধিক বিতর্কিত বক্তব্যের বিষয় উল্লেখ করা হয়:
আল্লাহ, রাসুল (সা.) ও পীরের মধ্যে কোনো পার্থক্য নেই বলে প্রচার করা।
কুরআন ও সুন্নাহ নির্দেশিত মৌলিক বিধান নামাজ ও রোজাকে অস্বীকার করা এবং তথাকথিত কামেল ব্যক্তিদের জন্য নামাজ অপ্রয়োজনীয় বলে দাবি করা।
কুরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব হয় না বলে মন্তব্য করা।
পরকাল, কেয়ামত এবং জান্নাত-জাহান্নামের প্রচলিত ইসলামি আকিদা অস্বীকার করা।
ওরস বন্ধের দাবি ও অসন্তোষ
স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি, এ ধরনের মনগড়া মতবাদ প্রচারের ফলে এলাকায় তীব্র ক্ষোভ ও ধর্মীয় অসন্তোষ বিরাজ করছে। স্মারকলিপিতে আগামী ২৫ থেকে ২৭ আগস্ট ২০২৬ তারিখে তার বাড়িতে প্রস্তাবিত ওরস মাহফিল অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে তৌহিদি জনতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারেরও আহ্বান জানান তারা। অন্যথায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্টদের নিতে হবে বলে স্মারকলিপিতে হুঁশিয়ারি দেওয়া হয়।
স্বাক্ষরকারী নেতৃবৃন্দ
স্মারকলিপিতে চাকুলিয়ার পীর মাওলানা তৈয়বুর রহমান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, ঢাকা জেলা উত্তর হেফাজতে ইসলামের আমীর মাওলানা জিলানী আলী আকবর কাসেমী, মহাসচিব মাওলানা আলী আজম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম সাভার থানার সভাপতি মাওলানা আলী আশরাফ তৈয়ব, সাভার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহা. আবুল খায়ের বেপারী, যুবদল নেতা মোহাম্মদ মঞ্জু মোল্লা এবং জামায়াতে ইসলামী প্রতিনিধি আমিনুল ইসলাম আমিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাক্ষর করেন।
স্মারকলিপির অনুলিপি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-র কার্যালয়েও পাঠানো হয়েছে।
দৈনিক জীবনযাত্রা
এস এম সোহাগ ফরাজী