শহীদ নুরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবর ইসলামী ছাত্রসেনার স্মারকলিপি
জাতীয় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শায়খ শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহ.)-এর নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০ আগস্ট ২০২৬) সংগঠনটির পক্ষ থেকে দেশজুড়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে তুলে ধরা দাবি
স্মারকলিপিতে ছাত্রসেনার নেতৃবৃন্দ উল্লেখ করেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী ছিলেন এ দেশের শান্তিপ্রিয় সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর ও আন্তর্জাতিক অঙ্গনের প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাঁর নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারপ্রক্রিয়া সম্পন্ন না হওয়া অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।
নেতৃবৃন্দ অবিলম্বে এ হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িত সকল খুনিকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক জীবনযাত্রা -সত্যের সন্ধানে মানুষের পাশে