মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তন: সড়ক পরিবহন বিধিমালায় অধিকতর সংশোধন এনে সরকারি গেজেট প্রকাশ
জাতীয় প্রতিবেদক:
মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বরপ্লেট প্রদর্শন এবং এর নকশা ও লেখার পদ্ধতিতে পরিবর্তন এনে ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’-এ অধিকতর সংশোধন করেছে সরকার। নতুন সংশোধনের ফলে প্রচলিত দ্বি-স্তর বিশিষ্ট লেখার পাশাপাশি মোটরসাইকেলের সম্মুখভাগে একটি আনুভূমিক রেখায় (এক লাইনে) রেজিস্ট্রেশন নম্বর লেখার সুযোগ তৈরি হলো।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (বিআরটিএ সংস্থাপন শাখা) জারি করা এ সংক্রান্ত একটি সংবিধিবদ্ধ সংবিধিবদ্ধ আদেশ ও প্রজ্ঞাপন (এস. আর. ও. নং ৩৮২-আইন/২০২৬) সম্প্রতি অতিরিক্ত সংখ্যা হিসেবে বাংলাদেশ গেজেটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এই সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
যেসব ক্ষেত্রে আনা হয়েছে পরিবর্তন:
‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’-এর ধারা ১২২-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’-এর বিধি ৩৬-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোজন ও বিলোপ ঘটিয়েছে:
এক লাইনে লেখার অনুমোদন: বিধি ৩৬-এর উপ-বিধি (৩)-এ নতুন দফা (গ) সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, কর্তৃপক্ষ মোটরসাইকেলের সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি আনুভূমিক রেখায় (Horizontal line) নম্বর লেখার অনুমতি প্রদান করতে পারবে।
ডিজাইন অনুযায়ী ভিন্ন পরিমাপের প্লেট: উপ-বিধি (৭)-এর দফা (ক)-তে সংশোধনী এনে যুক্ত করা হয়েছে যে, মোটরসাইকেলের ডিজাইন বা কাঠামোগত বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃপক্ষ প্রয়োজনে একাধিক পরিমাপের (দৈর্ঘ্য × প্রস্থ) একটি বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটের ওপর নম্বর প্রদর্শনের অনুমোদন দিতে পারবে।
অক্ষরের উচ্চতা ও হাইফেনের মাপ নির্ধারণ: উপ-বিধি (৭)-এর দফা (ছ)-এর শেষে যুক্ত শর্তে বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রয়োজনে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের অক্ষর, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাত্রার উচ্চতা, যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষরের উচ্চতা, প্লেটের উপরিভাগের খালি জায়গার পরিমাপ এবং সংখ্যাগুলির মধ্যকার হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে। পাশাপাশি একই লাইনে রেজিস্ট্রেশন মার্ক লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং শ্রেণি নির্দেশক অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহার করা যাবে।
উপ-বিধি (১০) থেকে বিলোপ: উপ-বিধি (১০)-এ উল্লেখিত “মোটরসাইকেল এবং” শব্দগুলি বাদ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিভিন্ন আধুনিক মডেল ও ডিজাইনের মোটরসাইকেলের সামনের অংশে প্রচলিত আকৃতির নম্বরপ্লেট সংযোজনে যে কাঠামোগত সমস্যা হতো, এই বিধিমালার সংশোধনের ফলে সে জটিলতা দূর হবে এবং বাইকারদের জন্য নম্বরপ্লেট স্থাপন আরও সহজ ও দৃষ্টিনন্দন হবে।
এস এম সোহাগ ফরাজী