‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন: ধর্মের দোহাই দিয়ে উগ্রতা ছড়ানো ইসলাম রক্ষার কাজ নয়, সম্প্রীতির ঐক্যের ডাক
নিজস্ব প্রতিবেদক:
আইন নিজের হাতে তুলে নেওয়া এবং ধর্মের অপব্যবহার করে উগ্রতা ছড়ানোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক ও নাগরিক প্ল্যাটফর্ম ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, “কেউ যদি নিজের হাতে আইন তুলে নিয়ে কথিত জনতাকে উসকে দিয়ে দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর চালায়, তবে তাকে কোনোভাবেই ইসলাম রক্ষার কাজ বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। ধর্মের দোহাই দিয়ে চলা এসব উগ্র ও সহিংস কর্মকাণ্ড একদিকে সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলে ইসলামবিদ্বেষীদের হাতে বিভ্রান্তিকর অপপ্রচারের নতুন অস্ত্র তুলে দিচ্ছে।”
সংগঠনের যুগ্ম সদস্য সচিব ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় আয়োজিত এ সভায় সর্বসম্মতিক্রমে মশিউর রহমানকে সংগঠনের আনুষ্ঠানিক ‘মুখপাত্র’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের উপস্থিতি:
কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক বাসুদেব ধর, স্টিয়ারিং মেম্বার মনীন্দ্র কুমার নাথ, বীর মুক্তিযোদ্ধা চিত্ত ফ্রান্সিস রিবেরু, যুগ্ম আহ্বায়ক সুফী আল্লামা হানিফ নূরী, এস এম সামসুল হুদা, শাহ সুফি তৌহিদুল ইসলাম চিশতি নিজামী, সদস্য সচিব ক্যাপ্টেন (অব.) এম এমদাদুল হক এবং যুগ্ম সদস্য সচিব মেজর বিজয় ম্যানুয়েল ডি প্যারিস।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যদের মধ্যে অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য, অ্যাডভোকেট সুশান্ত কুমার বসু, অ্যাডভোকেট নূর হোসেন, আক্তার হোসেন, মো. শরিফুল ইসলাম, সৈয়দ ইসমাইল হোসেন জনি, ডা. জয়দেব ভট্টাচার্য, আসমা হোসেন, বহ্নি বেপারী, খন্দকার নাজিম উদ্দিন, নাঈম আহমেদ, ফকির মোহাম্মদ মকবুল হোসেন, সুফি আব্দুস সাত্তার ফারাজি, বন্যা সাত্তার, শাহ সুফি পীরজাদা মোখলেসুর রহমান ও মো. হেলাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘দেশের ডাক’ পত্রিকার সম্পাদক ও সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ড. এ টি এম মমতাজুল করিম, ‘দৈনিক দেশেরপত্র’-এর সম্পাদক রুফায়দাহ পন্নী এবং জাতীয় জোটের মহাসচিব মো. সিরাজুল ইসলাম আকাশ।
সাংগঠনিক রূপরেখা ও স্বচ্ছতার নজির:
সভায় সংগঠনের সদস্য সংগ্রহ ফরম চূড়ান্তকরণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের অভ্যন্তরীণ আর্থিক হিসাব-নিকাশ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে উপস্থাপন করা হয়, যা উপস্থিত নেতৃবৃন্দের প্রশংসা কুড়ায়।
সংগঠনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ লক্ষ্য:
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। সে সময় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে আহ্বায়ক করে ৭০ সদস্যের একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর বিএমএ ভবনে আয়োজিত পরিচিতি সভায় সাবেক নৌবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) এম. এমদাদুল হককে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।
সংগঠনটির মূল লক্ষ্য হলো—ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয় কিংবা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক সমঅধিকার, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। সমাজে বিরাজমান বৈষম্য, ধর্মীয় অসহিষ্ণুতা ও হিংসা দূর করে একটি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্ল্যাটফর্মটি ইতোমধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, সিলেট, টাঙ্গাইল ও নরসিংদীতে মতবিনিময় সভার মাধ্যমে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলেছে।
দৈনিক জীবনযাত্রা
এস এম সোহাগ ফরাজী