আখাউড়ায় হযরত শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) কেল্লা শহীদের বার্ষিক ওরশ: লাখো ভক্তের ঢল, ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর হযরত শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) প্রকাশ্য কেল্লা শহীদ মাজারের বার্ষিক ওরস উপলক্ষে দেশ-বিদেশের লাখো ভক্ত ও আশেকানের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার ভক্ত-আশেকান ট্রেন ও সড়কপথে ওরসের এই মহা মিলনমেলায় ছুটে আসছেন।
আগামী ১৬ আগস্ট পর্যন্ত ওরসের এই আনুষ্ঠানিকতা ও ভক্তদের আগমন-প্রস্থান অব্যাহত থাকবে বলে মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
আখাউড়া রেলওয়ে জংশনে উপচে পড়া ভিড় ও চরম ঝুঁকি
ওরস উপলক্ষে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দেখা গেছে ঘরমুখী ও মাজারগামী যাত্রীদের উপচে পড়া ভিড়। মাজার জিয়ারত শেষে নিজ নিজ গন্তব্যে ফেরার জন্য হাজার হাজার ভক্ত ট্রেনের ভেতর জায়গা না পেয়ে ট্রেনের ছাদে, ইঞ্জিনে এবং দরজার হাতল ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করছেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ও আজ শুক্রবার আখাউড়া জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকা, সিলেট ও চট্টগ্রামগামী প্রায় প্রতিটি ট্রেনেই এই বিপজ্জনক দৃশ্য চোখে পড়ে। জীবনের ঝুঁকি থাকলেও বাড়ি ফেরার তাগিদে যাত্রীরা কোনো নিয়মের তোয়াক্কা না করেই ট্রেনে ভিড় জমাচ্ছেন।
প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, প্রতি বছরই ওরস চলাকালীন আখাউড়া রেলওয়ে স্টেশনে এমন উপচে পড়া ভিড় দেখা যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীদের সচেতন করার পাশাপাশি ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।
এস এম সোহাগ ফরাজী।