• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মসজিদভিত্তিক মক্তব শিক্ষাকে দলীয়করণমুক্ত করার কড়া নির্দেশ ধর্মমন্ত্রীর: মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল | সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮ পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন: আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করল সরকার পোশাক কারখানার উৎপাদন সচল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের | সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা: মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন: কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর | জাতীয় যুব দিবস উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮ ‘আমার দেশ’ ছেঁড়ায় যারা বিপর্যয় দেখছেন, ‘প্রথম আলো’ পোড়ানোর সময় তারা কোথায় ছিলেন?: আনিস আলমগীর

মসজিদভিত্তিক মক্তব শিক্ষাকে দলীয়করণমুক্ত করার কড়া নির্দেশ ধর্মমন্ত্রীর:

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মসজিদভিত্তিক মক্তব শিক্ষাকে দলীয়করণমুক্ত করার কড়া নির্দেশ ধর্মমন্ত্রীর: বিশেষ সংস্কার কমিটি গঠনের উদ্যোগ

জাতীয় প্রতিবেদক:

ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে সব ধরনের রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত করে কোমলমতি শিশুদের সঠিক ধর্মীয় ও নৈতিক সুশিক্ষা নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুর আড়াইটায় রাজধানীর বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বোর্ড অব গভর্নরস-এর ২৩৭তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সভায় ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই বোর্ড অব গভর্নরসের ওপর মহান দায়িত্ব অর্পণ করেছেন, আল্লাহর ওপর অবিচল আস্থা রেখে সততা ও নিষ্ঠার সাথে তা বাস্তবায়নে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

‘বিগত ১৭ বছরে মক্তব শিক্ষাকে দলীয়করণ করা হয়েছে’:

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ তাঁর বক্তব্যে মক্তব শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুদূরপ্রসারী ভাবনায় সকালবেলায় শিশুদের পবিত্র কোরআন তিলাওয়াত, আদব-কায়দা, চরিত্র গঠন ও খাঁটি ধর্মীয় অনুভূতি সুদৃঢ় করার লক্ষ্যেই এই মসজিদভিত্তিক মক্তব শিক্ষা ব্যবস্থার শুভ সূচনা হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত ১৭ বছরে এই পবিত্র ও মহৎ শিক্ষাক্রমকে নজিরবিহীনভাবে রাজনৈতিক সংকীর্ণতায় ফেলে দলীয়করণ করা হয়েছে।” তিনি এই শিক্ষাক্রমকে যে কোনো রাজনৈতিক দলের প্রভাববলয় থেকে পুরোপুরি মুক্ত করে পুনরায় প্রকৃত ধর্মীয় ও নৈতিক শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার ওপর বিশেষ তাগিদ দেন।

সংস্কার কমিটি গঠন ও কওমি আলেমদের মূল্যায়নের আহ্বান:

প্রাথমিক শিক্ষার বর্তমান চিত্র তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে যাতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার যথাযথ আবহ গড়ে তোলা যায় এবং মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম থেকে রাজনৈতিক হস্তক্ষেপ চিরতরে দূর করা যায়, সে লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের ‘বিশেষ সংস্কার কমিটি’ গঠনের ব্যাপারে সভায় নীতিগত আলোচনা হয়েছে।

এ সময় কোরআনে হাফেজ ও কওমি মাদ্রাসার শিক্ষকদের অনন্য অবদানের কথা অকপটে স্বীকার করে মন্ত্রী বলেন, “কোনো সুনির্দিষ্ট ভুলভ্রান্তি ছাড়া ৩০ পারা কোরআন হিফজ করানো এবং শিশুদের খাঁটি কোরআন শিক্ষাদানের পেছনে কওমি মাদ্রাসার শিক্ষক ও আলেমদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের এই মেধা ও অবদানকে সংকীর্ণ দৃষ্টিতে না দেখে অত্যন্ত উদার মন নিয়ে মূল্যায়ন করা এবং তাঁদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”

অভিজ্ঞ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃত্বের কার্যকর সমন্বয়ের মাধ্যমে সময়োপযোগী জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

ইসলামিক ফাউন্ডেশনে নতুন নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান:

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, “বর্তমান সরকার চলতি মেয়াদেই দেশব্যাপী ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির যুগান্তকারী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের এই মহতী রূপকল্প বাস্তবায়নে ইসলামিক ফাউন্ডেশনের চলমান নিয়োগ কার্যক্রম অতি দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা গেলে কর্মসংস্থান সৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।”

বোর্ড অব গভর্নরস-এর ২৩৭তম এই গুরুত্বপূর্ণ সভায় আরও উপস্থিত থেকে মতামত তুলে ধরেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর সদস্য সচিব ও মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ অন্যান্য গভর্নর ও পদস্থ কর্মকর্তাবৃন্দ।

 

দৈনিক জীবনযাত্রা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd