সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
বিশেষ প্রতিবেদক | ঢাকা
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রাজনৈতিক সংগঠন ‘নতুন ধারা বাংলাদেশ’ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন—সংগঠনটির ভাইস চেয়ারম্যান নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল এবং হরী সরকার।
শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা ও ঘটনার বিবরণ থেকে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন বাবুল সরদার নামে এক ব্যক্তি। মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০১৮-এর ৭/৮/৯(১)/৯(২)/১০/১১/১২ ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা বিগত আওয়ামী লীগ সরকারের দোসর এবং বর্তমান সরকারবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা উসকানিমূলক স্লোগান ও মিছিল দিতে থাকেন। এ সময় মামলার বাদী বাবুল সরকার এবং ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন প্রতিনিধি ওই উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানান। এর জেরে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবন যাএা