জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পর্ষদের সদস্য হলেন গুমের শিকার পরিবারের সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস, বিশ্বনাথে অভিনন্দন
বিশ্বনাথ প্রতিনিধি, সিলেট | শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পর্ষদ’ পুনর্গঠন করে গঠিত নতুন কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন গুমের শিকার পরিবারের সদস্য ও বিশিষ্ট আইনিজীবী ব্যারিস্টার মো: আবরার ইলিয়াস। ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’ এর অধ্যাদেশের ৮(১)(ঞ) ধারানুসারে সরকার তাকে এই মর্যাদাপূর্ণ পর্ষদের মনোনীত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
ব্যারিস্টার মো: আবরার ইলিয়াস দীর্ঘ বছর ধরে গুমের শিকার হওয়া দেশের অন্যতম শীর্ষ রাজনীতিবিদ ও বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সুযোগ্য সন্তান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গুম-খুন হওয়া পরিবারগুলোর অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও স্মারক ধরে রাখার এই রাষ্ট্রীয় বোর্ডে তার অন্তর্ভুক্তিতে সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে।
বিশ্বনাথে আনন্দ ও অভিনন্দনের জোয়ার
ব্যারিস্টার মো: আবরার ইলিয়াস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পর্ষদের সদস্য মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলায় আনন্দের বন্যা বইছে। এই গৌরবময় অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল এবং স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের শীর্ষ নেতৃবৃন্দ।
এক যৌথ অভিনন্দন বার্তায় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “ফ্যাসিবাদী সরকারের নির্মম গুমের শিকার হওয়া পরিবারের সন্তান হিসেবে ব্যারিস্টার মো: আবরার ইলিয়াস স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণের এই রাষ্ট্রীয় পর্ষদে তার মতো একজন যোগ্য ও লড়াকু ব্যক্তিত্বকে মনোনীত করায় আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, তিনি তার মেধা ও সততা দিয়ে এই ঐতিহাসিক জাদুঘর পর্ষদকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবেন।”
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠিত ৫ সদস্যের এই উচ্চপর্যায়ের বোর্ডে মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিতে ব্যারিস্টার আবরার ইলিয়াসের এই অন্তর্ভুক্তিকে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে একটি বড় ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন দেশের রাজনৈতিক ও সামাজিক মহল।