ককটেল বিস্ফোরণের বক্তব্য ঘিরে উত্তেজনা: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গণধোলাইয়ের নির্দেশ সিলেট মহানগর বিএনপি নেতার
সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই ‘গণধোলাই’ দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। ঢাকা শহরে ককটেল বিস্ফোরণ নিয়ে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের জের ধরে তিনি এ কড়া নির্দেশ দেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এমদাদ হোসেন চৌধুরী বলেন, “ডার্বি নাসীর নামে পরিচিত এই পাটওয়ারী কিছুদিন ধরে দায়িত্বজ্ঞানহীন ও অযাচিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি প্রকাশ্যে বলছেন—তাঁদের তিন দাবি মেনে নিলে নাকি ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না! এ ধরনের বক্তব্য সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল। শুধু নাসীরই নন, এনসিপির অন্য নেতারাও যেসব উসকানিমূলক কথা বলছেন, তা পুরো দেশের সুস্থ রাজনীতির পরিবেশকে নষ্ট করছে। এখনই তাদের প্রতিহত করতে না পারলে দিন দিন তাদের আস্ফালন আরও বেড়ে যাবে। তাই আমাদের সিদ্ধান্ত স্পষ্ট—তাঁদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই গণধোলাই দিতে হবে।”
এর আগে ঢাকা শহরে ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপি নেতার এমন হুমকির পর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানও আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানান।
এনসিপির সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, “কিছুদিন ধরে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির দায়িত্বশীলরা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন। এমন কুরুচিপূর্ণ বক্তব্যের পর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ তৃণমূলের নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।” যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার এনসিপি নেতাদেরই বহন করতে হবে বলে তিনি চূড়ান্ত সতর্কবার্তা দেন।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আফছর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নাসিম হোসেন বলেন, “বিএনপি যখনই জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই দেশে আইনের শাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত হয়েছে। অথচ আজ একটি উগ্র ও স্বার্থান্বেষী মহল জনগণের সেই শান্তি ও অগ্রযাত্রাকে থামিয়ে দিতে কৃত্রিম অরাজকতা তৈরির পাঁয়তারা করছে। রাজপথেই তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।”
উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপি আয়োজিত একটি মিছিল শেষে সমাপনী বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের তিন দফা দাবি মেনে নেওয়া হলে ঢাকা শহরে আর একটিও ককটেল ফুটবে না।” তাঁর এই বক্তব্যের পরই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয় এবং বিএনপির বিভিন্ন পর্যায় থেকে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানানো হচ্ছে।
এস এম সোহাগ ফরাজী