নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে হবে না, শান্তি বিনষ্টকারীদের রুখে দিতে হবে: সিলেটে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:
দেশে যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই হবে না। বর্তমান নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের সর্বস্তরের জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের নেতাকর্মীদের সতর্ক ও সুসংগঠিত থাকার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “যেকোনো প্রতিকূল ও চ্যালেঞ্জিং পরিবেশেও জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের রাজপথে ইস্পাতকঠিন দৃঢ়তা নিয়ে অবস্থান ধরে রাখতে হবে। কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকারী গোষ্ঠী যেন দেশের অর্জিত শান্তি, জননিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সেজন্য তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সদা সজাগ থাকতে হবে।”
সাংগঠনিক ভিত্তি মজবুত করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে দলকে তৃণমূল পর্যন্ত এমনভাবে গড়ে তুলতে হবে যেন সবাই এক সুতোয় গাঁথা থাকে। আন্দোলন-সংগ্রামের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমেই দল যেকোনো সংকট মোকাবিলায় বলিষ্ঠ ভিত্তির ওপর দাঁড়াবে।” একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “দলের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। ক্ষমতার কোনো ধরনের অপব্যবহার কিংবা জনবিরোধী কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না।”
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়াও সভায় সিলেট মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম সোহাগ ফরাজী