লালপুরে ১০৬ পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার: আদালতে প্রেরণ
নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মাসুমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি দল এ অভিযান পরিচালনা করে। লালপুর থানাধীন মোহরকয়া গ্রামের (৭ নম্বর ওয়ার্ড) বাসিন্দা মোঃ ওহিদুল মোল্লার টিনশেড পাকা বাড়ির পূর্বমুখী একটি ঘরের ভেতর মাদক কেনাবেচার আসর বসেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে ঘেরাও করে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—লালপুরের মোহরকয়া গ্রামের মৃত রব্বেল মোল্লা ও সায়েস্তা বেগমের ছেলে মোঃ ওহিদুল মোল্লা (৩২), রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মোঃ সামাদ মন্ডল ও সরভানু বেগমের ছেলে মোঃ মুক্তার আলী (৩৪) এবং লালপুরের পানসিপাড়া গ্রামের মোঃ আতাহার প্রামানিক ও শাহানারা বেগমের ছেলে মোঃ আলামিন (২৩)।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১০৬ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহন ও সরবরাহের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মাদক কেনাবেচা থেকে প্রাপ্ত নগদ ৩২ হাজার টাকা জব্দ করে পুলিশ।
লালপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চক্রের সঙ্গে জড়িত থেকে এলাকায় তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক)/৩৮/৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত তিন আসামিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে লালপুর থানা প্রশাসন।
এস এম সোহাগ ফরাজী