চীনা জাতীয় দিবস ও বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সংবর্ধনায় আলতাফ হোসেন চৌধুরী এমপি
কূটনৈতিক প্রতিবেদক:
রাজধানীর গুলশান ক্লাবের ‘ক্রিস্টাল প্যালেস’-এ আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘চীনা জাতীয় দিবস’, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর বিদায় সংবর্ধনা এবং বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমিটির (BCCEMCC) বার্ষিক নৈশভোজ।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় আয়োজিত এই বর্ণাঢ্য কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী এমপি।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আলতাফ হোসেন চৌধুরী এমপি বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাংলাদেশে তাঁর সফল কর্মকাল সমাপ্তির জন্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বাণিজ্যিক অংশীদারত্ব ও দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার অর্থনৈতিক সম্ভাবনার ওপর আলোকপাত করেন।
উক্ত নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যবসায়ী নেতা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস এম সোহাগ ফরাজী