খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষের ৭ দিন পর নদীতে মিলল নিখোঁজ যুবক রাকিবের মরদেহ
স্টাফ রিপোর্টার: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, দৈনিক জীবনযাত্রা
খুলনা:
খুলনার জেলখানাঘাট এলাকায় ফেরি ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়ার দীর্ঘ সাত দিন পর মো. রাকিব খান (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার বিকেলে বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা বাজার সংলগ্ন নদী থেকে তাঁর ভাসমান নিথর দেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে নদী পারাপারের সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে রাকিবের স্বজনদের খবর দেন। সংবাদ পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ট্রলার নিয়ে নদীতে অনুসন্ধানে নামেন। একপর্যায়ে বটিয়াঘাটার কাতিয়ানাংলা খেয়াঘাট ও শিয়ালডাঙ্গা ঘাট সংলগ্ন মধ্যবর্তী নদীর অংশে মরদেহটির অবস্থান শনাক্ত করেন তাঁরা।
পরে মরদেহটি যাতে ভেসে না যায় সেজন্য নদীর তীরে আটকে রেখে তাৎক্ষণিকভাবে খুলনা নৌ পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আনুষ্ঠানিকভাবে উদ্ধার করে হেফাজতে নেয়। এ সময় পরিবারের সদস্যরা মরদেহটি নিখোঁজ রাকিবের বলে নিশ্চিত করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নদী থেকে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রাকিবের বলে তাঁর পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। সুরতহালসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাতে খুলনার জেলখানাঘাট এলাকায় একটি ফেরির সঙ্গে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ হন রাকিব খান। নিখোঁজের পর থেকে পরিবার ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন পয়েন্টে টানা তল্লাশি চালিয়ে আসছিল। অবশেষে দীর্ঘ এক সপ্তাহ পর বটিয়াঘাটায় মিলল তাঁর মরদেহ।
এস এম সোহাগ ফরাজী