পটুয়াখালীতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, দৈনিক জীবনযাত্রা
পটুয়াখালী:
পটুয়াখালী জেলা সদরে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) পটুয়াখালী পৌর শহরের গুলবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম আবুল হোসেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার কালিচান্না গ্রামের (সুফিয়ার খাঁর বাড়ি) মৃত আছমত আলী খাঁ-এর ছেলে। বর্তমানে তিনি পটুয়াখালী পৌর এলাকার গুলবাগ মসজিদের উত্তর পাশে মোয়াজ্জেম শরীফের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই নিঃ) মো. সুমন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গুলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন আত্মগোপনে থাকা মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালী সদর থানা পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বিজ্ঞ আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। রায় ঘোষণার পর থেকেই তিনি এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এস এম সোহাগ ফরাজী