জগন্নাথপুরে সিএনজির ধাক্কায় উল্টে যাওয়া টমটম চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা
সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী
সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় উল্টে যাওয়া টমটমের চালক আদেশ দাস (৫০) চিকিৎসাধীন থাকার পাঁচ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আদেশ দাস জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের স্থায়ী বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আদেশ দাস ইনাতগঞ্জ বাজার থেকে টমটম চালিয়ে রানীগঞ্জ বাজারের অভিমুখে রওয়ানা হন। পথিমধ্যে পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা দ্রুতগতির একটি বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশা তাঁর টমটমটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায় এবং চালক আদেশ দাস গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বুধবার বিকেলে মরদেহ পাইলগাঁও গ্রামে নিয়ে আসা হলে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এস এম সোহাগ ফরাজী