রাজনগরে চা বাগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: চোলাই মদ ও তৈরির উপকরণসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, দৈনিক জীবনযাত্রা
মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ (ওয়াশ) ও ২৪ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার মাথিউরা (পর্বতপুর) চা বাগানের ৯ নম্বর লাইনে এ সফল অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. রামলাল রবিদাস (৫০)
২. রামুতার রবিদাস (৪৫)
উভয়েই রাজনগর উপজেলার মাথিউরা (পর্বতপুর) চা বাগানের ৯ নম্বর লাইনের স্থায়ী বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র দীর্ঘদিন ধরে চা বাগানের ভেতরে গোপনে কারখানা বসিয়ে দেশীয় চোলাই মদ তৈরি ও বিপণন করে আসছিল। তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে অধিদপ্তরের একটি আভিযানিক দল সকালে ওই বাগানের রবিদাস পাড়ায় অভিযান চালায়।
অভিযানকালে আসামি রামলাল রবিদাসের বসতঘরে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের ড্রামে সংরক্ষিত চোলাই মদ তৈরির উপকরণ মোট ১২০ লিটার ‘ওয়াশ’ (প্রতি ড্রামে ৩০ লিটার করে) উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁর ঘর থেকে একটি প্লাস্টিকের জারে রাখা ৯ লিটার অ্যালকোহলযুক্ত তৈরি চোলাই মদ জব্দ করা হয়।
পরবর্তীতে অপর আসামি রামুতার রবিদাসের বসতঘরে তল্লাশি চালিয়ে আরও ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানে মোট ২৪ লিটার চোলাই মদ ও ১২০ লিটার মদ তৈরির উপকরণ জব্দ করে আভিযানিক দল।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান অভিযান ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামাদি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। চা বাগান এলাকাসহ পুরো জেলায় মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে অধিদপ্তর।
এস এম সোহাগ ফরাজী