স্বামীর মৃত্যুতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
স্টাফ রিপোর্টার / মুন্সীগঞ্জ প্রতিনিধি: স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দিয়েছে জেলা প্রশাসন।
তাঁর মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তির আদেশ দেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার দিনের প্যারোলের আবেদন করা হলেও সার্বিক বিবেচনা শেষে ১২ ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করা হয়েছে।
বাবার মরদেহ ঢাকায় রেখে মায়ের প্যারোলের অপেক্ষায় মেয়ে
পারিবারিক ও আইনজীবী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জে অবস্থান করছিলেন তাঁর মেয়ে তানি দিপাবলি নেওয়াজ।
ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে দিপাবলি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। এরপর কারাগার থেকে বেরিয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চার দিনের প্যারোলে মুক্তির লিখিত আবেদন জমা দেন।
প্যারোলে মুক্তির পরই দাফন
আইনজীবী আরও জানান, ডা. দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। তিনি প্যারোলে মুক্তি পেয়ে ঢাকায় পৌঁছানোর পরই স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা