ব্রাহ্মণবাড়িয়ায় ১২ মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি নুরুল সহযোগীসহ গ্রেফতার: ইয়াবা, নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা ও পালসার জব্দ
স্টাফ রিপোর্টার /
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০৭ পিস ইয়াবা, ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া, মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা ও একটি পালসার মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক কারবারি নুরুল ইসলাম ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল পৌর শহরের পূর্ব মেড্ডা এলাকায় এ সফল অভিযান পরিচালনা করে।
পূর্ব মেড্ডা থেকে মোটরসাইকেলসহ আটক
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মেড্ডা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি পালসার মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়:
১০৭ পিস ইয়াবা ট্যাবলেট
১৫ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেটের গুঁড়া
মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা
বিভিন্ন ব্যান্ডের ৪টি মোবাইল ফোন সেট
মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পালসার মোটরসাইকেল
উদ্ধারকৃত সকল আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয় ও অপরাধের খতিয়ান
গ্রেফতারকৃতরা হলেন:
১. নুরুল ইসলাম — পিতা: সুরুজ আলী, গ্রাম: মজলিশপুর, থানা ও জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২. আশিকুল ইসলাম — পিতা: মৃত ইদন মিয়া, গ্রাম: বিহাইর, থানা ও জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত নুরুল ইসলাম এলাকার একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা, ১টি চুরি মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা এবং অন্যান্য ধারায় ১টি মামলাসহ মোট ১২টি মামলার রেকর্ড রয়েছে। অপর সহযোগী আশিকুল ইসলামের বিরুদ্ধেও ১টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা