সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা: মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক কার্যকারিতা ও গতিশীলতা নিশ্চিতের মাধ্যমে নাগরিক সেবা আরও বেগবান করার লক্ষ্যে ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS)’ বাস্তবায়নের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পদ্ধতিটি সহজীকরণ ও মধ্যমেয়াদী বাজেট কাঠামোর সমন্বয়ে পরামর্শ দিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিসভা কমিটির সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
উপদেষ্টা ও শীর্ষ সচিবদের অংশগ্রহণ:
সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাঈল জবিউল্লাহ এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবগণ সভায় অংশ নেন।
কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা:
সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নের সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনা শেষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির রূপরেখা পর্যালোচনা করা হয়।
একই সঙ্গে বিগত ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত GPMS-এর সার্বিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।
সভায় সরকারি দপ্তরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের পলিসি অনুযায়ী সময়াবদ্ধ ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন এবং অর্পিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে মাঠপর্যায়ে কার্যকর মনিটরিং ও নিরপেক্ষ মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পদ্ধতি সহজীকরণে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি:
সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) আরও জনবান্ধব ও সহজীকরণ এবং মধ্যমেয়াদী বাজেট কাঠামো (MTBF)-এর সাথে এর কার্যকর সমন্বয় সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশমালা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ২০ ধারা এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ২৫৫ নম্বর নির্দেশনার আলোকে সরকারি দপ্তরসমূহে প্রাতিষ্ঠানিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা আধুনিক ও সুদৃঢ় করার মহতী উদ্দেশ্যে GPMS প্রবর্তন করা হয়েছে। বর্তমানে সরকারের ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৮৬টি দপ্তর ও সংস্থাসহ বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের মাঠপ্রশাসনে GPMS-এর কার্যক্রম সফলতার সঙ্গে চলমান রয়েছে।
এস এম সোহাগ ফরাজী