সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, ‘জুলাই পদযাত্রা’র নতুন সূচি প্রকাশ এবং হবিগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেটে এক বিশেষ সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখা।
বুধবার (২৯ জুলাই) আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত ও সাম্প্রতিক পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ।
সংবাদ সম্মেলনের প্রধান ৩টি সিদ্ধান্ত:
১. ১৩টি উপজেলা কমিটি ঘোষণা: তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও জোরদার করতে সিলেট জেলা এনসিপির বহু প্রতীক্ষিত ১৩টি উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
২. জুলাই পদযাত্রার সূচি প্রকাশ: সিলেটে এনসিপির আসন্ন ‘জুলাই পদযাত্রা’ সফল করতে নির্ধারিত তারিখ, সময় ও রুট সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
৩. ৫ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত: সিলেটের ৫টি উপজেলায় এনসিপি মনোনীত ৫ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করে তাঁদের সর্বসমক্ষে পরিচয় করিয়ে দেওয়া হয়।
“হবিগঞ্জে হামলায় বিচার না হলে দায় সরকারের”
সংবাদ সম্মেলনে গতকাল হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র টিমের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান আহ্বায়ক জুনেদ আহমদ।
তিনি বলেন, “হবিগঞ্জে আমাদের জুলাই পদযাত্রার নির্ধারিত কর্মসূচি শেষ করে ফেরার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী আমাদের বহরে অতর্কিত হামলা চালায়। এতে কেন্দ্র থেকে আসা শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীরা গুরুতর আহত হন। আমরা অবিলম্বে এই কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জুনেদ আহমদ আরও বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন ‘দেশে কাউকে মব করতে দেওয়া হবে না’। যদি সবার মত প্রকাশের স্বাধীনতা থাকে, তবে আমাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে কেন এই রক্তক্ষয়ী হামলা? এই হামলার সুষ্ঠু বিচার করতে না পারলে তার দায়ভার পুরোপুরি সরকারকেই নিতে হবে। এনসিপি অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে ছিল, আছে এবং থাকবে।”
এস এম সোহাগ ফরাজী।