সিলেটে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিয়ে উধাও যুবক: বালাগঞ্জ থানায় লিখিত অভিযোগ
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬
সিলেটের বালাগঞ্জে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে প্ররোচিত করে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। অভিযুক্ত যুবকের নাম নয়ন বিশ্বাস (২৫), যিনি মৌলভীবাজার জেলার রাজনগর থানার জাইদপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী স্বামী রঞ্জিত বিশ্বাস (৩৬) বাদী হয়ে বালাগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
হাসপাতাল থেকে ফিরে দেখেন স্ত্রী নেই
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের রঞ্জিত বিশ্বাসের সঙ্গে রত্না বিশ্বাসের (১৯) হিন্দু শাস্ত্রীয় রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন হয়। সম্প্রতি রঞ্জিত বিশ্বাস অসুস্থ হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে তিনি তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে দেখতে পাননি।
স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে চম্পট
স্ত্রীকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে রঞ্জিত বিশ্বাস স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোন এবং মেসেজ ডায়েরি পর্যালোচনা করেন। এতে তিনি জানতে পারেন, অভিযুক্ত নয়ন বিশ্বাসের প্ররোচনায় পড়ে তার স্ত্রী ঘর ছেড়েছেন। অভিযোগে আরও বলা হয়, বাড়ি থেকে যাওয়ার সময় ঘর থেকে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে।
আইনি পদক্ষেপ ও তদন্ত
অনাগত সন্তান ও স্ত্রীকে ফিরে পেতে এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে বালাগঞ্জ থানায় আইনি প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী স্বামী।
এ বিষয়ে বালাগঞ্জ থানা সূত্রে জানানো হয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের তদন্ত প্রক্রিয়া চালু রয়েছে।