সাংবাদিক কাশেমকে হেনস্তাকারী মাদক কারবারি রেশমা বিপুল ইয়াবাসহ গ্রেফতার
দৈনিক জীবনযাত্রা ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬
পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক নাগরিক বাংলাদেশের সাংবাদিক আবুল কাশেমকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদক কারবারি রেশমাকে (৩৫) বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শাহআলী থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককালে তার হেফাজত থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
সাংবাদিক হেনস্তায় দেশজুড়ে চাঞ্চল্য
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত রেশমা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিলেন। সম্প্রতি তার এই অবৈধ মাদক ব্যবসার তথ্য ও সংবাদ সংগ্রহ করতে গেলে তিনি পেশাগত দায়িত্বে থাকা সাংবাদিক আবুল কাশেমকে অকথ্য ভাষায় গালিগালাজ, হেনস্তা এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন।
সাংবাদিক লাঞ্ছনার এই ঘটনার ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহলে তীব্র ক্ষোভ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের ওপরও নজরদারি বাড়ে।
শাহআলী থানায় মাদক মামলা
অভিযান শেষে শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) রুবেল বাদী হয়ে অভিযুক্ত রেশমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক জীবন যাএা।
এস এম সোহাগ ফরাজী।