পাবনায় মাদক, জুয়া ও অপরাধবিরোধী বিশেষ অভিযানে ১০৩ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
পাবনা জেলায় মাদক, জুয়া, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ মোট ১০৩ জনকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, সামারি ট্রায়াল এবং মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ-এর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের, সামারি ট্রায়াল এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, চাটমোহর থানায় ছয়জন জুয়াড়ির বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন, ২০২৬ অনুযায়ী প্রথমবারের মতো মামলা রুজু করা হয়েছে। নতুন আইনের আওতায় এ ব্যবস্থা গ্রহণকে জুয়াবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার কোথাও মাদক, জুয়া, সন্ত্রাস, কিশোর গ্যাং কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো ব্যক্তি বা চক্রের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, জুয়া এবং সকল ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
পাবনা জেলা পুলিশের স্লোগান— “আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ”—কে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
বলেও জানানো হয়েছে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী