জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ২টি মোটরসাইকেল
নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল, মোটরসাইকেলের লক ভাঙার কাজে ব্যবহৃত চারটি টি-আকৃতির মাস্টার চাবি, একটি ব্যাগ এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, জয়পুরহাটের সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালিঘাটা গ্রামের লতীরহাট বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চলছে।
সংবাদের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাদের মধ্যে দুইজনকে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে একটি কালো রঙের ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নাকুরগাছী গ্রামের সোহেলের বাড়িতে অভিযান চালায়। সেখানে মো. সোহেলকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে তার দেখানো মতে বাড়ির ভেতর থেকে একটি লাল রঙের টিভিএস অ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়াও একটি কালো রঙের Arctic Hunter কাঁধে ঝোলানো ব্যাগ জব্দ করা হয়। ব্যাগের ভেতরে মোটরসাইকেলের লক ভাঙার কাজে ব্যবহৃত চারটি লোহার টি-আকৃতির মাস্টার চাবি পাওয়া যায়।
অভিযানে আরও উদ্ধার করা হয় দুটি বাটন মোবাইল ফোন এবং একটি নকিয়া কোম্পানির অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। উদ্ধার হওয়া আলামতগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিনজন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রির সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মামলার ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী