পটুয়াখালীর বাউফলের ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার
পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফল থানায় দায়ের হওয়া একটি আলোচিত ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. বাচ্চু সরদার (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-৮। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন কালিজিরা বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, মজুতদারি ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সংস্থাটি ধারাবাহিক সফলতা অর্জন করেছে।
র্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-৮, সিপিএসসি বরিশালের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হওয়া মো. বাচ্চু সরদারের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকায়। তিনি মো. আলম সরদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে বাউফল থানার একটি ডাকাতি মামলার পলাতক আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে ভুক্তভোগী মো. আজাহার জোমাদ্দার (৬৫) প্রতিদিনের মতো পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের বাড়িতে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে তারা ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী মো. আজাহার জোমাদ্দার বাদী হয়ে পটুয়াখালীর বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকেই র্যাব-৮ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র্যাব জানায়, ডাকাতির ঘটনার পর থেকেই অভিযুক্ত বাচ্চু সরদার অত্যন্ত কৌশলে এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান। তিনি বারবার অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়।
পরবর্তীতে মঙ্গলবার রাতে বরিশাল মহানগরীর কালিজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তিনি পালানোর চেষ্টা করলেও র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।
র্যাবের দাবি, সংঘবদ্ধ ডাকাতি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় এনে জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. বাচ্চু সরদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী।