আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরকে দেখতে বাসায় যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে হামলার শিকার হয়ে আহত দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরকে দেখতে তাঁর বাসায় গেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।
সাংবাদিক শিশিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন যুবদল নেতারা। এ সময় তারা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ধানমন্ডিতে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
নেতৃদ্বয় বলেন, স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি ধানমন্ডিতে এক হামলার ঘটনায় আহত হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। ঘটনার পর বিভিন্ন মহল থেকে হামলার নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানানো হচ্ছে।