সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বাঘমারা তিন রাস্তার মোড় এলাকায় রজ্জব হেয়ার ড্রেসার অ্যান্ড সেলুনের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. নুর সালাম (৫৫) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার নুর সালামের পিতার নাম শের আলী এবং মাতার নাম পরি বানু। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।