পল্লবীতে লুটপাট, দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় কয়েকটি পরিবারের পক্ষ থেকে লুটপাট, দখল, চাঁদাবাজি ও ভয়ভীতির অভিযোগ এনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ইব্রাহীম খলিল, বহিষ্কৃত সদস্য সচিব মো. রিয়াজ এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. ফাইয়াজ (মুন্না)-এর বিরুদ্ধে তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ৪০টি পরিবারের বাড়িঘর, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুটপাট করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর এবং দখলের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, তাদের মালিকানাধীন একটি মোবাইল ফোনের দোকান, বেনারসি শাড়ির ব্যবসা প্রতিষ্ঠান এবং অটোরিকশা গ্যারেজ থেকে বিভিন্ন মালামাল ও যানবাহন নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগও করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হয় এবং চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
বক্তারা দাবি করেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।
উল্লেখ্য, অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দৈনিক জীবন যাএা