শাহজালাল (রহ.) মাজারে ৩ পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন ১৫ অক্টোবরের মধ্য
সিলেট প্রতিনিধি:
সিলেটের পুণ্যভূমি হযরত শাহজালাল (রহ.) মাজারের সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা জোরদার ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে চুক্তিভিত্তিক ৩টি পদে জনবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) মাজার পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরে এ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাজারের দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য ১ জন ম্যানেজার, ১ জন হিসাবরক্ষক এবং ১ জন অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ম্যানেজার ও হিসাবরক্ষক পদের জন্য প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে ৪৫ বছর। আর অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য বয়সসীমা ধরা হয়েছে ৩৫ থেকে ৪০ বছর। নির্বাচিত প্রার্থীদের পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে ‘জেলা প্রশাসক, সিলেট’-এর কার্যালয়ে আবেদনপত্র পৌঁছাতে হবে। নিয়োগের বিস্তারিত শর্তাবলী, যোগ্যতার মানদণ্ড ও আবেদন ফরম জেলা প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইট (www.sylhet.gov.bd) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিলেট সার্কিট হাউসে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মাজারের হিসাবনিকাশ আধুনিকায়ন এবং প্রশাসনিক তদারকি বাড়াতে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ওই বৈঠক শেষে কমিটির সদস্য সচিব ও সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মাজারের আর্থিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে এখন থেকে প্রতিদিনের দানের অর্থ উন্মুক্তভাবে গণনা করা হবে। প্রতিদিন সংগৃহীত দানের টাকার ৩৫ শতাংশ অর্থ মাজারের অবকাঠামোগত উন্নয়নকাজের জন্য সোনালী ব্যাংকের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা রাখা হবে, যা জেলা প্রশাসক ও মাজারের মোতাওয়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। অবশিষ্ট ৬৫ শতাংশ অর্থ মাজারের দৈনন্দিন আনুষঙ্গিক ব্যয় ও কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা নির্বাহের জন্য বরাদ্দ থাকবে।
জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, দানের অর্থ গণনা ও আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে মাজার কমিটির পক্ষে একজন সৎ ও যোগ্য ম্যানেজার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যানেজার পদে একজন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন অথবা অবসরপ্রাপ্ত কোনো সামরিক কর্মকর্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি আর্থিক হিসাব সংরক্ষণে একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী দায়িত্ব পালন করবেন।
মাজার সুচারুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে ৭ সদস্যের একটি শক্তিশালী পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক। কমিটিতে সিলেট সিটি করপোরেশন (সিসিক), সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউকা), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), জেলা পরিষদ ও জেলা পুলিশ সুপারের একজন করে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি থাকবেন। মাজারের সম্মানিত মোতাওয়াল্লি পদাধিকারবলে এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন এবং নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজার কমিটির যাবতীয় সাচিবিক দায়িত্বভার পরিচালনা করবেন।
এস এম সোহাগ ফরাজী