ইসিবি চত্বরে আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাট: ডিবির হাতে ৯ নম্বর এজাহারভুক্ত আসামি মিজানুর গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:
রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন দক্ষিণ মানিকদী এলাকায় ‘নিউগিনি প্রপার্টিজ’ আবাসন প্রকল্পে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে ডিবি গুলশান বিভাগের একটি চৌকস দল রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খাঁন।
তিনি জানান, দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে সংঘটিত সশস্ত্র হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা নিয়মিত মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি মিজানুর রহমান। ঘটনার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ডিসি আনোয়ার হোসেন খাঁন আরও জানান, এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় পেনাল কোডের ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯ (বেআইনি সমাবেশ ও দাঙ্গা), ৪৪৭, ৪৪৮ (অনধিকার প্রবেশ), ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬ (মারধর ও গুরুতর জখম), ৩০৭ (হত্যাচেষ্টা), ৩৭৯, ৩৮০ (চুরি ও লুটপাট), ৪২৭ (ভাঙচুরে ক্ষতিসাধন), ১১৪ ও ৩৪ (পরস্পর যোগসাজশ) ধারায় মামলাটি রুজু করা হয়।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিউগিনি প্রপার্টিজের জমিতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাট শুরু করে, যা রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গোলাগুলির ঘটনাও ঘটে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
উক্ত তাণ্ডবের সময় একই জমিতে অবস্থিত দেশের জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের টিনশেড শুটিং স্টুডিওতেও নির্বিচারে হামলা চালানো হয়। হামলাকারীরা স্টুডিওর ভেতরে ব্যাপক ভাঙচুর চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। এতে তাঁদের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি মিজানুর রহমানকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্য এজাহারভুক্ত পলাতক আসামি ও নেপথ্যের ইন্ধনদাতাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এস এম সোহাগ ফরাজী