‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’: রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সংস্কৃতি প্রতিবেদক:
“সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির”—এই সংগ্রামী স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনের সড়কে নানা সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিবাদী গানের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন উদীচীর ঐতিহাসিক সাংগঠনিক পতাকার রূপকার বিশিষ্ট শিল্পী আনোয়ার হোসেন।
শহীদ স্মরণে গান ও সাংস্কৃতিক পরিবেশনা:
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, উদীচী প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, শোষণহীন সমাজ এবং বৈষম্যমুক্ত সংস্কৃতি বিনির্মাণের লড়াইয়ে রাজপথে রয়েছে। যেকোনো অন্যায়, ফ্যাসিবাদ ও প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই জারি রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা।
উদ্বোধনের পর শিল্পীরা গণসংগীত, আবৃত্তি ও কথামালা পরিবেশন করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের বিপুলসংখ্যক শিল্পী-কর্মী উপস্থিত ছিলেন।
রবীন্দ্র সরোবরে কাল পুনর্মিলনী ও সাংস্কৃতিক পর্ব:
দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হবে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে।
আয়োজকরা জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হবে উদীচীর নবীন-প্রবীণ কর্মীদের মিলনমেলা ও স্মৃতিচারণমূলক পুনর্মিলনী। এরপর বিকেল ৫টা থেকে শুরু হবে মনোজ্ঞ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। এতে সমবেত ও একক সঙ্গীত, নৃত্য, নাটক এবং আবৃত্তি পরিবেশন করবেন উদীচীর বিভিন্ন বিভাগের শিল্পীরা। অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এস এম সোহাগ ফরাজী