কেপটাউনে সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক: আগামী নভেম্বরে ঢাকায় সংসদ সদস্যদের জন্য ৪ দিনের আন্তর্জাতিক প্রশিক্ষণ সেমিনার
আন্তর্জাতিক ও সংসদ ডেস্ক / কেপটাউন: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলমান ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) কেপটাউনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ, সংসদ সদস্যদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ-সিপিএ সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সিপিএ মহাসচিবের আশ্বাস
বৈঠকে সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের সংসদীয় প্রতিষ্ঠান ও আইনপ্রণেতাদের সক্ষমতা বাড়াতে সব ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, আগামী নভেম্বরে বাংলাদেশে সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞ আইনপ্রণেতাদের অংশগ্রহণে চার দিনব্যাপী একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ সেমিনার আয়োজন করা হবে। সিপিএ মহাসচিব ব্যক্তিগতভাবে ওই সেমিনারে অংশ নিতে ঢাকায় আসবেন বলেও নিশ্চিত করেন।
পাশাপাশি সংসদ সদস্যদের আইন প্রণয়ন, জবাবদিহি ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিষয়ে আরও পারদর্শী করে তুলতে ‘সিপিএ পার্লামেন্টারি একাডেমি’র অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।
অন্তর্ভুক্তিমূলক দল ও নারীর ক্ষমতায়ন
বাংলাদেশ প্রতিনিধিদলে বিরোধীদলীয় ও নারী সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করায় ডেপুটি স্পিকারকে বিশেষ ধন্যবাদ জানান সিপিএ মহাসচিব। তিনি একে অংশগ্রহণমূলক ও আধুনিক সংসদীয় রীতির একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে আখ্যা দেন। একই সাথে নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশে ‘কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানস’ (সিডব্লিউপি)-এর বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের নারী এমপিদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
রোহিঙ্গা সংকট ও জাতিসংঘে বাংলাদেশের অর্জন
বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘসূত্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন স্টিফেন টুইগ। লাখ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় ও নিয়মিত মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশ যে বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তার ভূয়সী প্রশংসা করেন তিনি।
এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব লাভ করায় বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানান সিপিএ মহাসচিব।
গণতান্ত্রিক অগ্রযাত্রায় অব্যাহত সহযোগিতার প্রত্যাশা
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে মজবুত করতে সিপিএর ধারাবাহিক সমর্থন কামনা করেন। সিপিএ ও সিপিএ যুক্তরাজ্য শাখার যৌথ উদ্যোগে দেশের সংসদীয় চর্চা আন্তর্জাতিক মানে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে সংসদীয় প্রতিনিধিদলের সদস্য সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মাহবুবুল আলম এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এস এম সোহাগ ফরাজী