মেহেন্দীগঞ্জে বোরকা পরা দুর্বৃত্তদের নৃশংসতা: কৃষক কবিরের হাত-পায়ের রগ ও গলা কেটে ডোবায় ফেলে হত্য
স্টাফ রিপোর্ট/ ক্রাইম রিপোর্টার: বরিশালের মেহেন্দীগঞ্জে কবির ব্যাপারী (৫৫) নামের এক কৃষককে বোরকা পরিহিত একদল দুর্বৃত্ত নৃশংসভাবে কুপিয়ে, হাত-পায়ের রগ কেটে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কাজীরহাট থানাধীন ভাসানচর ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন এলাকায় এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
অটোরিকশা থামিয়ে প্রকাশ্যে বর্বরতা
নিহত কবির ব্যাপারী পার্শ্ববর্তী মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী ব্যাপারীর ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে একটি অটোরিকশায় চড়ে ভাসানচর ইউনিয়নের গাজীরহাট বাজারের উদ্দেশে যাচ্ছিলেন কবির ব্যাপারী। অটোরিকশাটি বাজারের কাছাকাছি পৌঁছামাত্রই সড়কের পাশে আগে থেকে ওত পেতে থাকা বোরকা পরা ৪-৫ জনের একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে।
মুহূর্তের মধ্যে তারা কবির ব্যাপারীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে অটোরিকশা থেকে নিচে নামিয়ে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর দুই হাত ও পায়ের রগ কেটে ফেলা হয়। শেষে মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা তাঁর গলা কেটে ফেলে এবং রক্তাক্ত নিথর দেহ পাশের একটি ডোবায় নিক্ষেপ করে পালিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁদের গায়ে থাকা কয়েকটি বোরকা ঘটনাস্থলেই ফেলে যায়।
কিছুক্ষণ পর স্থানীয় পথচারীরা ডোবায় ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন এবং স্বজনদের পাশাপাশি কাজীরহাট থানা পুলিশে খবর দেন।
পূর্ববিরোধের অভিযোগ স্বজনদের
হত্যাকাণ্ডের বিষয়ে কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবু হানিফ সরদার ও নিহতের স্বজনরা জানান, জমিজমা কিংবা স্থানীয় বিষয় নিয়ে প্রতিপক্ষের সাথে কবির ব্যাপারীর পূর্ববিরোধ চলছিল। সেই বিরোধের জেরে চিহ্নিত প্রতিপক্ষরা নিজেদের পরিচয় গোপন রাখতে বোরকার ছদ্মবেশ ধারণ করে পরিকল্পিতভাবে এই রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশের বক্তব্য ও তদন্ত
খবর পেয়ে কাজীরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের গভীর ক্ষত এবং হাত-পায়ের রগ ও গলা কাটার চিহ্ন পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং বোরকা পরা ওই দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
এস এম সোহাগ ফরাজী