বিশ্বনাথের ভুলাগঞ্জ-লামাকাজি সড়কে খানাখন্দ: ৩০ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারে এমপি লুনার হস্তক্ষেপ কামনা
সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ভুলাগঞ্জ প্রীতিগঞ্জ বাজার হয়ে লামাকাজি পর্যন্ত গুরুত্বপূর্ণ পাকা সড়কটি খানাখন্দে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পুরো সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। ফলে যান চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এবং চরম দুর্ভোগ পোহাচ্ছেন খাজাঞ্চি ও লামাকাজি ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামের হাজারো মানুষ।
১০ মিনিটের পথ পেরোতে লাগছে আধা ঘণ্টা
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, স্বাভাবিক সময়ে ভুলাগঞ্জ থেকে প্রীতিগঞ্জ বাজার হয়ে লামাকাজি পৌঁছাতে সময় লাগত মাত্র ১০ মিনিট। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে এখন এই সামান্য দূরত্ব পার হতে সময় নষ্ট হচ্ছে ২০ থেকে ৩০ মিনিট। খাজাঞ্চি ও লামাকাজি ইউনিয়নের মানুষের বিভাগীয় শহর সিলেটে যাতায়াতের অন্যতম প্রধান সংযোগ সড়ক এটি। শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীদের প্রতিদিন ঝাঁকুনি আর ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
মুমূর্ষু রোগী পরিবহনে মারাত্মক ঝুঁকি
সড়কটির করুণ পরিণতির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন জরুরি চিকিৎসাপ্রার্থী ও মুমূর্ষু রোগীরা। অসুস্থ ব্যক্তিকে সিলেট শহরের হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স কিংবা সিএনজি অটোরিকশা তীব্র ঝাঁকুনি ও অতিরিক্ত সময়ক্ষেপণের মুখে পড়ছে। এতে পথেই রোগীদের শারীরিক অবস্থার অবনতি ঘটার ঝুঁকি তৈরি হচ্ছে।
এমপি তাহসিনা রুশদীর লুনার হস্তক্ষেপ কামনা
এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেতে বিশ্বনাথ-ওসমানীনগর আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। অবিলম্বে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করে জনসাধারণের স্বাভাবিক যাতায়াতের উপযোগী করে তুলতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।
দৈনিক জীবনযাত্রা