বরিশালে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ: অন্যতম মূলহোতা সাইদ গ্রেপ্তার
বরিশাল ব্যুরো | দৈনিক জীবনযাত্রা:
বরিশাল সদরের ১৩ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার অন্যতম মূলহোতা মোঃ সাইদকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
গতকাল রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদ বরিশাল জেলার কোতয়ালী থানার রাজারচর এলাকার মোঃ মোক্তারের ছেলে।
প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে সংঘটিত হয় বর্বরোচিত ঘটনা
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম বন্দর থানাধীন খোন্তাখালী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গ্রেপ্তারকৃত অভিযুক্ত মোঃ সাইদ এবং ভিকটিমের বসতঘর পাশাপাশি হওয়ায় সাইদ দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।
গত ১০ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে নিজ ঘরের বাইরের বাথরুমে যাওয়ার পথে অভিযুক্ত মোঃ সাইদসহ অন্য সহযোগীরা পরস্পর যোগসাজশে তার মুখ চেপে ধরে। এ সময় গলায় চাকু ধরে হত্যার হুমকি দিয়ে তাকে কোতয়ালী মডেল থানাধীন ৫নং চরমোনাই ইউনিয়নের বাজারচর এলাকায় নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করা হয়। ওই ন্যক্কারজনক ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাবের ছায়া তদন্ত ও আত্মগোপনকারী গ্রেপ্তার
ঘটনার পরপরই এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় চতুর অপরাধী সাইদ। সে ঘন ঘন অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা চালায়। ঘটনার পর থেকেই র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং অবশেষে তাকে জালে তুলতে সক্ষম হয়।
র্যাব-৮ জানায়, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এস এম সোহাগ ফরাজী।