ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: সিলেটে ইসকনের রাধাষ্টমী উৎসবে সিডিএ চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী
সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: “স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশ—যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পালন করতে পারেন। এটাই বাংলাদেশ।”
শ্রীমতী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি ‘রাধাষ্টমী’ উপলক্ষে সিলেটে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত বিশেষ ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে সিলেট নগরীর যুগলটিলাস্থ ইসকন মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী রাধারাণীর মহাভিষেক পর্ব সমাপ্তির পর এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান কয়েস লোদী আরও বলেন, “আমাদের এই বন্ধন, এই ভ্রাতৃত্ববোধ, এই পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ক যেন আমৃত্যু অটুট থাকে। সকল ধর্ম ও বর্ণের মানুষের সমন্বয়ে বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যয়, সেটি বাস্তবায়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই সমাজের মূল শক্তি। সংবিধানে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালনের পূর্ণ অধিকার নিশ্চিত রয়েছে।
দিনব্যাপী ভক্তিপূর্ণ আনুষ্ঠানিকতা
রাধাষ্টমী উপলক্ষে শনিবার সকাল থেকেই ইসকন সিলেট মন্দিরে দিনব্যাপী নানা ভক্তিঘন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রভাতে মঙ্গল আরতি ও ভজন কীর্তনের মধ্য দিয়ে দিবসের সূচনা ঘটে। এরপর শ্রীশ্রী রাধারাণীর বিশেষ পূজা-অর্চনা, মহাভিষেক, লীলা মহিমা পাঠ ও কীর্তন অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে সিলেট ও আশপাশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীর ঢল নামে।
শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। আলোচনা সভা সঞ্চালনা করেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
ইসকন সিলেট মহানগর নামহট্টের সাবেক সভাপতি আদি অনন্ত দাস অধিকারী
ইসকন সিলেট গৃহস্থ কাউন্সিলের সভাপতি সুমঙ্গল গৌর দাস অধিকারী
ইসকন সিলেট বিভাগীয় কমিটির অফিস ব্যবস্থাপনা সম্পাদক সচ্চিদানন্দ শ্যাম সুন্দর দাস
ইসকন মন্দিরের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারী
ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস প্রমুখ।
দিনব্যাপী এ মহোৎসবে মন্দির প্রাঙ্গণ ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। উপবাস ও বিশেষ প্রার্থনার পাশাপাশি উপস্থিত সকল ভক্ত ও দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।
এস এম সোহাগ ফরাজী