বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর: ট্রাস্টি সংখ্যা বেড়ে ৬১৮, চ্যারিটি কমিশনের নিবন্ধন লাভ
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:
যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিশ্বনাথবাসীদের অন্যতম শীর্ষস্থানীয় সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’-র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার) ট্রাস্টের এই বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেইনের ‘মাসালা রেস্টুরেন্ট’-এ অনুষ্ঠিত ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নির্বাচনী তফসিল ঘোষণার পাশাপাশি মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের কমিশন গঠন
সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সভায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব জজ বেলায়েত হোসেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম ইয়াহিয়া, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আব্দুল মতিন এবং আবুল কাহার আলী।
ট্রাস্টের সভাপতি মাফিজ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার খানের দক্ষ পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
ট্রাস্টি সংখ্যা ৭ শ ছাড়ানোর আশা ও চ্যারিটি কমিশনের স্বীকৃতি
সভায় সংগঠনের সাংগঠনিক ও চ্যারিটেবল কার্যক্রমের এক বিশাল সাফল্য তুলে ধরা হয়। নেতৃবৃন্দ জানান, নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ট্রাস্টের বর্তমান আজীবন ট্রাস্টি সংখ্যা বেড়ে ৬১৮ জনে উন্নীত হয়েছে। আরও বেশ কয়েকজন নতুন আবেদনকারীর ট্রাস্টিশিপ পরবর্তী সভায় অনুমোদন দেওয়া হবে। নতুন ট্রাস্টিদের আগ্রহ দেখে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, খুব দ্রুতই এই সংখ্যা ৭ শত ছাড়িয়ে যাবে।
সভায় আরও একটি বড় সুসংবাদ দেওয়া হয় যে, দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে সংগঠনটি ‘ইউকে চ্যারিটি কমিশন’ (UK Charity Commission) থেকে চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন বা নিবন্ধন লাভ করেছে। এর ফলে প্রবাসে ও দেশে সংগঠনের সেবামূলক কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি পাবে।
অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান কমিটি
সভায় বিগত দুই বছরের আয়-ব্যয় এবং কার্যক্রমের সফল সমাপ্তিতে সকল ট্রাস্টির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, “গত নির্বাচনে ট্রাস্টিবৃন্দের কাছে বর্তমান কার্যনির্বাহী কমিটি যে সকল অঙ্গীকার করেছিল, তার সিংহভাগই ইতিমধ্যে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।” ভবিষ্যতেও বিশ্বনাথের শিক্ষা, সমাজকল্যাণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সাথে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে যারা এখনও ট্রাস্টের সদস্য হননি, তাদের দ্রুত ট্রাস্টিশিপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
ট্রাস্টের ট্রেজারার আখলাকুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ মিসবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক আবদুর রহিম রঞ্জু ও মো. কবির মিয়া, সহকারী কোষাধ্যক্ষ মো. হাসিনুজ্জামান নুরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দৌলত হোসাইন। এছাড়া কার্যনির্বাহী সদস্য আবুল হুসাইন, খালেদ খান, নেছার আলী লিলু, মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুস সালাম, শেখ মোবাশ্বির আলী এবং গিয়াস মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম সোহাগ ফরাজী