মৌলভীবাজারে মনু নদীর বাঁধ ভেঙে রাজনগরে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি হাজারো মানুষ।
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত নাজুক রূপ ধারণ করেছে। বিশেষ করে উপজেলার কামারচাক ও টেংরা ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে বন্যার পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। মনু নদীর প্রতিরক্ষা বাঁধের একের পর এক অংশ ভেঙে পড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, যার ফলে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।
পানিবন্দি হাজারো মানুষ, চরম খাদ্য সংকট
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজনগর উপজেলার কামারচাক ও টেংরা ইউনিয়নসহ একাধিক গ্রামের হাজার হাজার মানুষ এখন সম্পূর্ণ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, আকস্মিক বন্যার কারণে অনেক মানুষ নিজ নিজ বাড়িঘরে আটকা পড়েছেন। চারদিকে থৈ থৈ পানি থাকায় তারা নিরাপদ আশ্রয়েও যেতে পারছেন না। বন্যাকবলিত এই এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। জরুরি প্রয়োজনীয় সামগ্রী ও শিশুখাদ্যের অভাবে শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন উপদ্রুত এলাকার মানুষেরা।
মনু নদীর বাঁধ ভেঙে বাড়ছে আতঙ্ক
স্থানীয়রা জানান, মনু নদীর গতিপথের বিভিন্ন স্থানে বাঁধ দুর্বল থাকায় ঢলের পানির তীব্র স্রোতে তা টিকতে পারছে না। একের পর এক বাঁধ ভেঙে নদী উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে। কামারচাক ও টেংরা ইউনিয়নের ফসলি জমি, রাস্তাঘাট এবং ঘরবাড়ি ইতিমধ্যেই পানির নিচে। নতুন করে বাঁধ ভাঙার আতঙ্কে নদীর তীরবর্তী এলাকার মানুষ রাতে ঘুমাতে পারছেন না। দ্রুত এই বাঁধগুলো মেরামত করা না হলে পুরো উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
উদ্ধার তৎপরতা ও ত্রাণের জন্য হাহাকার
ভয়াবহ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসন। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্ধারকারী সংস্থা। পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক সহায়তাকারী দলও দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে পানির তীব্র স্রোত এবং যোগাযোগের রাস্তা তলিয়ে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
রাজনগর উপজেলার কামারচাক-টেংরা ইউনিয়নসহ ক্ষতিগ্রস্ত সব এলাকায় জরুরি ভিত্তিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা, মনু নদীর বাঁধ রক্ষায় টেকসই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পর্যাপ্ত সরকারি-বেসরকারি ত্রাণ ও খাদ্য সহায়তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী