বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলের বসতবাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) রাতে ভুক্তভোগী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল বাদী হয়ে বিশ্বনাথ থানায় এ মামলা দায়ের করেন।
শামীম প্রধান আসামি, ২০ জনের নাম উল্লেখ
মামলার এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ ওরফে ‘চাক্কু শামীম’কে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—
বদরুল আলম, ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব মিয়া, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক লীগ
সিরাজুল ইসলাম রুকন, সভাপতি, নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখা
জাকির হোসেন মামুন, সাধারণ সম্পাদক, নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখা
কয়েছ আহমদ, সহ-সভাপতি, উপজেলা ছাত্রলীগ
ইমরান আহমদ ও রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগ
শেখ সালমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগ
পারভেজ আহমদ, প্রচার সম্পাদক, উপজেলা ছাত্রলীগ
রাজন আহমদ অপু, যুবলীগ নেতা
এনামুল হক বিজয়, সভাপতি, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগ
আশিক আলী, কার্যনির্বাহী সদস্য, কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ
এছাড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, ওয়াজিবুল মিয়া, হেলাল, আইদিদ আহমেদ, আবু আহমেদ তালহা, নাইম আহমদ ও আব্দুল হক কুতুব।
ঘরে ঢুকে মারধর ও ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পৌর শহরের টিঅ্যান্ডটি রোডস্থ নিজ বাসায় অবস্থান করছিলেন আব্দুল মজিদ বকুল। এ সময় শামীম আহমদ ওরফে চাক্কু শামীমের নেতৃত্বে অভিযুক্তরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ঘরে অনাধিকার প্রবেশ করে। তারা বাদীকে লক্ষ্য করে অতর্কিত হামলা ও এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
হামলাকারীরা বসতঘরের আলমারি ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়। একই সঙ্গে ঘরের ভেতরে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা ও লুটের ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম সোহাগ ফরাজী