সীতাকুণ্ডে শিশু ইরা মনি হত্যা: আসামি বাবুল শেখের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম |
চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী শিশু জান্নাতুল নেসা (ইরা মনি) হত্যা মামলায় একমাত্র আসামি বাবুল শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলেয়া জনাকীর্ণ আদালতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, রায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় নির্মমভাবে হত্যার দায়ে আসামি বাবুল শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭ ধারায় অপহরণের অভিযোগে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই আইনের ৯(৪)(খ) ধারায় ধর্ষণের চেষ্টার অভিযোগে তাকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী, সব মিলিয়ে আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ কার্যকর হবে।
মামলার বিবরণী থেকে জানা যায়, সীতাকুণ্ডের এই লোমহর্ষক হত্যাকাণ্ডটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আট বছরের নিষ্পাপ শিশু জান্নাতুল নেসা ইরা মনিকে অপহরণ, ধর্ষণের চেষ্টা এবং পরবর্তীতে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শেষে একমাত্র আসামি বাবুল শেখের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং আইনি প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই কঠোর শাস্তির রায় দেন।
এই রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে অপরাধী যেই হোক না কেন, পার পাওয়ার কোনো সুযোগ নেই। নিষ্পাপ শিশু ইরা মনির পরিবার দেরিতে হলেও সঠিক বিচার পেয়েছে।” অন্যদিকে, রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সমবেত সাধারণ মানুষ ও নিহত শিশুর স্বজনদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী