যুক্তরাজ্য আওয়ামী লীগের ‘দোসর’ আহমদ আলীর রূপবদল: বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশে পটপরিবর্তনের পর রাজনৈতিক পরিচয় বদলে ফেলার অভিনব অভিযোগ উঠেছে সিলেটের বিশ্বনাথের যুক্তরাজ্যপ্রবাসী আহমদ আলীর বিরুদ্ধে। এতদিন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় থাকা আহমদ আলী রাতারাতি খোলস পাল্টে এখন যুক্তরাজ্য বিএনপির সভা-সমাবেশে নিয়মিত মুখ হয়ে উঠেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা।
যুক্তরাজ্য বিএনপির এক শ্রেণির নেতাকর্মীর অভিযোগ, প্রবাসে বিএনপিরই এক কথিত নেতার প্রত্যক্ষ মদদে আহমদ আলী বর্তমানে নিজেকে বিএনপির সক্রিয় নেতা হিসেবে জাহির করার অপচেষ্টা চালাচ্ছেন।
আওয়ামী নেতাদের ঘনিষ্ঠতা থেকে বিএনপির টেবিলে!
যুক্তরাজ্য থেকে একাধিক বিএনপি নেতা মুঠোফোনে জানান, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে আহমদ আলী দলটির শীর্ষনেতা, মন্ত্রী ও এমপিদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে তাঁর একাধিক ছবি ও রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ রয়েছে বলে তারা দাবি করেন।
অথচ সম্প্রতি সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার যুক্তরাজ্য সফর উপলক্ষে আয়োজিত বিএনপির এক আলোচনা সভায় আহমদ আলীকে স্বাচ্ছন্দে উপস্থিত থাকতে দেখা গেছে। সভা শেষে আপ্যায়নের সময় যুক্তরাজ্য বিএনপির এক প্রভাবশালী নেতার সাথে একই টেবিলে বসে তাঁকে খাবার খেতেও দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
ত্যাগী নেতাদের অসন্তোষ ও হাইকমান্ডে নালিশের প্রস্তুতি
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুক্তরাজ্য বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“গত ১৭ বছর আমরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়ে প্রবাসেও রাজপথে লড়াই করেছি। আর এখন সুবিধাবাদী আওয়ামী দোসররা বিএনপির এক নেতার শেল্টারে এসে আমাদের পাশে বসে ইফতার বা নৈশভোজ করছে, মঞ্চে জায়গা নিচ্ছে। এটা ত্যাগী কর্মীদের সাথে চরম বিশ্বাসঘাতকতা।”
নেতারা জানান, আহমদ আলীর বিতর্কিত অতীত ও ক্ষমতার পালাবদলে তাঁর এই অনুপ্রবেশের যাবতীয় তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। খুব শীঘ্রই যুক্তরাজ্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও দলের হাইকমান্ডের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে।
অভিযুক্তের পরিচয় ও বক্তব্য
খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাজ্যপ্রবাসী আহমদ আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ পশ্চিমগাঁও গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে আহমদ আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
দৈনিক জীবন যাত্রা
প্রকাশক ও সম্পাদক: এস এম সোহাগ ফরাজী