প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্যাপন কর্মসূচি
ঢাকা,
২ জুলাই ২০২৬: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্য ও শিক্ষামূলক আয়োজনের সূচনা হয়।
তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেন। একই সঙ্গে এ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিটও উন্মোচন করা হয়। সংশ্লিষ্টরা জানান, নজরুলের সাহিত্য, সংগীত, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বছরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। তারা নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক অবদান এবং জাতীয় জীবনে তাঁর আদর্শের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী, শিল্পী, সাহিত্যিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা জাতীয় কবির সৃষ্টিকর্ম সংরক্ষণ, গবেষণা এবং দেশ-বিদেশে নজরুলচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
সরকারি সূত্রে জানা যায়, ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে সারা দেশে আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনা, বইমেলা, চিত্রপ্রদর্শনী, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা এবং গবেষণামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় কবির জীবনাদর্শ ও সাহিত্যকর্ম সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, সম্প্রীতি এবং স্বাধীন চেতনার প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম ভিত্তি। তাই নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা আরও বিস্তৃত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনের মাধ্যমে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বছরব্যাপী এ কর্মসূচি দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং তরুণ প্রজন্মকে নজরুলচর্চায় আরও উৎসাহিত করবে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী