কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে, বিমানবন্দরে গ্রহণ করলেন মুফতি আবুল হাসান এমপি
নিজস্ব প্রতিবেদক | সিলেট
পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় কর্মসংস্থানের জন্য কাতারে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু জীবনের স্বপ্ন অপূর্ণ রেখেই দেশে ফিরতে হলো কফিনবন্দি হয়ে।
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ মঙ্গলবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে নিহতদের মরদেহ গ্রহণ করেন মুফতি আবুল হাসান এমপি। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক দিলওয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল শিব্বির আহমদ, কাতার খেলাফত মজলিসের সভাপতি আবদুল হাসিব চৌধুরী এবং সিলেট জেলা বায়তুলমাল সম্পাদক আবুল কালাম আজাদ।
এ ছাড়া নিহতদের স্বজন, সিলেট জেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
প্রবাসে কর্মরত অবস্থায় একসঙ্গে পাঁচ বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুতে কানাইঘাটসহ পুরো সিলেটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে বিমানবন্দর এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।