নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বিআরটিসি বাস, ৯৯৯-এ ফোন পেয়ে ২৫ যাত্রীকে জীবিত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | নওগাঁ | ২৯ জুন ২০২৬
নওগাঁর মহাদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিআরটিসি বাস উল্টে যাওয়ার ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে বাসের ভেতরে আটকে পড়া ২৫ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ (রোববার) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর মহিষবাগান এলাকায় নওগাঁ হাইওয়ে থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, বগুড়া থেকে নওগাঁর সাপাহারগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে এবং বাসের ভেতরে অনেক যাত্রী আটকে আছেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি মহাদেবপুর থানা এবং মহাদেবপুর ফায়ার স্টেশনে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শামীম। উদ্ধার কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট কলার, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই ইন্দু জ্যোতি রায় এবং ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আলতাফ হুসাইন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে ২৫ যাত্রীকে জীবিত উদ্ধার করে।
উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত ৬ জন যাত্রীকে ফায়ার সার্ভিসের উদ্যোগে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী